রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য নতুন সংযোজন হতে যাচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হতে যাওয়া এই বাস সার্ভিসে যাত্রীদের সেবা দেওয়ার পাশাপাশি চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও থাকবেন নারীরা।

বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এ বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হবে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

বিআরটিসি জানায়, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরা দায়িত্ব পালন করবেন। বাসগুলো হবে পিংক রঙের।

সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের ফলে রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষায়িত সেবা চালুর পাশাপাশি বাস পরিচালনার মতো পেশায় নারীদের অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে যারা থাকবেন

তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

নতুন এ উদ্যোগের মাধ্যমে রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য নিরাপদ ও বিশেষায়িত সেবা নিশ্চিত করার পাশাপাশি বাস পরিচালনায় নারীদের অংশগ্রহণ আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।